অবিশ্বাস্য দ্রুতগতিতে সারা বিশ্বে ওয়েবসাইট বাড়ছে। নেটক্র্যাফটের পরিসংখ্যানে দেখা যায়, ২০০৭ সালের ডিসেম্বর পর্যন্ত বিশ্বে ওয়েবসাইটের সংখ্যা ছিল সাড়ে ১৫ কোটি (৭ কোটি ২লক্ষ একটিভ)। ২০০৬ সালের শুরুতে এ সংখ্যা ছিল মাত্র সাড়ে সাত কোটি। বাংলাদেশেও প্রতিদিন আত্মপ্রকাশ করছে নানা সংগঠনের ওয়েবসাইট। ব্যক্তিগত প্রোফাইল তুলে ধরার জন্যও অনেকে এ মাধ্যম বেছে নিচ্ছেন। এর ফলে বাড়ছে ওয়েব প্রোগ্রামারদের চাহিদাও। ওয়েব প্রোগ্রামাররা নিত্য শান দিচ্ছেন তাদের অস্ত্র-পাতিতে। নতুন নতুন প্রোগ্রামিং কৌশল রপ্ত করছেন এবং অস্ত্রভান্ডার সমৃদ্ধ করছেন লড়াই করার জন্য। এসব দিক বিবেচনা করে ওয়েব প্রোগ্রামারদের জন্য সহায়ক কয়েকটি ওয়েবসাইট সম্পর্কে আলোচনা করা হলো।
www.w3schools.com
ওয়েব প্রোগ্রামিংয়ে যারা নুতন তাদের জন্য এ সাইটটি অনন্য। প্রোগ্রামিংয়ের কিছু বেসিক ধারণা এখান থেকে পাওয়া যাবে যা আপনাকে একজন সফল প্রোগ্রামার হতে সহায়তা করবে। এইচটিএমএল, এক্সএমএল, জাভাস্ক্রিপ্ট, এজাক্স, পিএইচপি, মাইসিকিউএল, ডট নেট এবং আরো বেশ কিছু প্রোগ্রামিং বিষয়ের ওপর এখানে আলোকপাত করা হয়েছে। এখানে কিছু সহজ স্ক্রিপ্ট সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যেগুলো অনুশীলনের মাধ্যমে যে কারোর প্রোগ্রামিংয়ে জড়তা বা ভয় কাটানো যাবে। এ সাইটে একটি ফোরাম আছে যেখানে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আলাদা করে সাজানো আছে। আপনি কোনো সহায়তার জন্য নির্দিষ্ট ফোরামে প্রশ্ন ছুড়ে দিতে পারেন। সেখানে আপনার উত্তর দেয়ার জন্য অসংখ্য এক্সপার্ট অপেক্ষা করছেন।
www.phpdeveloper.org
এ সাইটটি পিএইচপি প্রোগ্রামিংয়ের সব গুরুত্বপূর্ণ খবর, মতামত ও তথ্য গত পাঁচ বছর ধরে সরবরাহ করছে। পিএইচপির কমিউনিটিতে যথাসম্ভব সম্পৃক্ত থেকে তারা নিত্য তাজা খবরগুলো উপস্থাপন করে থাকে। ডেভেলপাররা সাইট ভিজিটের মাধ্যমে নুতন টেকনলজি এবং নতুন চিন্তার সংমিশ্রণে নিজেকে আপডেট করতে পারবেন এবং একের পর এক ভালো টিউটরিয়ালগুলো হাতে পেয়ে যাবেন। এগুলো নিয়মিত চর্চার মাধ্যমে হয়ে উঠতে পারবেন অনন্য সাধারণ প্রোগ্রামার।
www.smashingmagazine.com
ওয়েবসাইটের কোডিং অংশ দৃশ্যমান হয় না। ওয়েব ডেভেলপাররা বলে থাকেন স্ক্রিপ্টিং যতো ভালোই হোক, দৃষ্টিনন্দন সাইট না হলে ভিজিটরকে আকৃষ্ট করা যায় না। সে জন্য প্রয়োজন ওয়েব ডিজাইনার। ওয়েব ডিজাইনার রঙ-তুলির আচড়ে সাইটের মধ্যে এক ভালো লাগা ভাব এনে দেন। যেন প্রথম দর্শনেই ভিজিটরের মধ্যে সাড়া পড়ে। এর ফলে ভিজিটর বারবার ফিরে আসেন। এ সাইটে আছে সেই ভালো লাগা তৈরির জন্য অসংখ্য উপকরণ। ফটোশপ, ইলাস্ট্রেটরসহ অন্যান্য গ্রাফিক্স টুল ব্যবহার করে তৈরি করা হয়েছে অনেক ওয়েব আইটেম এবং টিউটরিয়াল। সাইটের আইকন তৈরি করা বা ফন্টের ডিজাইন পরিবর্তন বা সিএসএস-এর মাধ্যমে কিভাবে সাইটকে আরো আকর্ষণীয় করে তোলা যায় এখানে এর সবই সম্পূর্ণ ফ্রি পাওয়া যাবে।
www.ajaxrain.com
এজাক্স নতুন কোনো প্রোগ্রামিং লেঙ্গুয়েজ নয়। জাভা স্ক্রিপ্ট এর নতুন একটি রূপ। নতুন এ কৌশলের ব্যবহার গুগল প্রথম শুরু করে, জি-মেইল তার একটি উদাহরণ। এর ব্যবহারের মাধ্যমে ওয়েব অ্যাপ্লিকেশনকে অনেক বেশি কাজের উপযোগী, ইন্টারঅ্যাক্টিভ এবং দ্রুতগতি সম্পন্ন করা যায়। এ সাইটটিতে এজাক্সের শত সহস্র ব্যবহার দেখানো হয়েছে। ছবি গ্যালারি, ক্যালেন্ডার, ম্যাপ, এনিমেশন সমৃদ্ধ প্রজেক্টগুলো ডাউনলোড করা যায় এবং খানিক পরিবর্তন করেই নিজস্ব সাইটে ব্যবহার করা যায়। এ সাইটটিতে ফ্রি রেজিস্ট্রেশন করা যায় এবং আপনার তৈরি কোনো এজাক্স অ্যাপ্লিকেশন তুলে দেওয়া সম্ভব।
http://groups.yahoo.com/group/phpexperts/
পিএইচপি এক্সপার্টস গ্রুপটি মূলত শুরু হয়েছিল বাংলাদেশে পিএইচপি ডেভেলপারদের মধ্যে একটি কমিউনিটি তৈরির উদ্দেশ্য নিয়ে। এছাড়া নতুন ডেভেলপাররা পিএইচপিতে কাজ করার সময় যেসব সমস্যার সম্মুখীন হয়, সেগুলো যেন অন্যদের সঙ্গে শেয়ার করতে পারে এবং সমাধান পেতে পারে। গ্রুপটি এ পর্যন্ত বিভিন্ন ওয়ার্কশপের আয়োজন করেছে বিভিন্ন ইউনিভার্সিটি এবং সফওয়্যার ফার্মে। এক্সপার্টদের কাছ থেকে স্বল্প সময়ের মধ্যে সলিউশন পাওয়ার কারণে দ্রুত এ গ্রুপটি ছড়িয়ে পড়ে দেশের গন্ডি পেরিয়ে বিদেশের ডেভেলপারদের মধ্যে। বাংলাদেশে পিএইচপি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট প্রমোট করার পাশাপাশি সদস্যরা ২০০৪ সাল থেকে দেশের নাম পিএইচপি কমিউনিটিতে তুলে ধরার ব্যাপারে ভূমিকা রেখে চলেছে । এরই মধ্যে গ্রুপের সদস্যরা পরস্পরের সাহায্যে হয়েছে জেন্ড সার্টিফায়েড, মাইএসকিউএল সার্টিফায়েড ডেভেলপার। গ্রম্নপের সদস্যদের লেখা পাচটি বই প্রকাশিত হয়েছে ইউকে থেকে। পিএইচপি শেখা এবং প্রফেশনাল ডেভেলপমেন্ট সম্পর্কে ডেভেলপারদের ধারণা পাওয়ার জন্য এ গ্রুপটির সহায়তা নিতে পারেন।
সৈয়দ জিয়াউল হাবীব রুবন
১৯ জানুয়ারী ২০০৮ তারিখে যায়যায়দিন দৈনিকে প্রকাশিত



